২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রহরীকে বেঁধে রেখে দোকান থেকে চাল লুট

গাজীপুরের বোর্ডবাজার (কালিগাছতলা) এলাকায় একটি দোকানের তালা ভেঙে ৩৫০ বস্তা চাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 05:04 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার গভীর রাতে বোর্ডবাজারের ভাই ভাই রাইস স্টোর থেকে চাল লুটের এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দোকান মালিক মো. ইদ্রিস আলী বুধবার দুপুরে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

ইদ্রিস আলী বলেন, রাত ৩টার দিকে ১৫/২০ জন দুর্বৃত্ত বোর্ডবাজারের কালিগাছতলা এলাকায় আলী আকবর সুপার মার্কেটে ঢোকে।

এ সময় মার্কেটে থাকা নৈশ প্রহরী মাসুদ মিয়া তাদের দেখে সামনে এগিয়ে যায় এবং তাদের পরিচয় জানতে চাইলে তারা তাকে মারধর করে হাত, পা বেঁধে মুখে স্কচ টেপ আটকিয়ে মার্কেটের পেছনে ফেলে রাখে।

পরে তারা ভাই ভাই রাইস স্টোরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়।

ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো. সুবল হাত-পা বাঁধা অবস্থায় নৈশ প্রহরী মাসুদকে মার্কেটের পেছনে পড়ে থাকতে দেখে তার বাঁধন মুক্ত করে এবং মার্টেটের মালিকের ছেলেকে জানান।

তিনি আরও বলেন, বেচাকেনা শেষে রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। ভোর পৌনে ৫টার দিকে সুপার মার্কেট মালিকের ছেলে মো. রাসেল মিয়া ফোন করে দোকান থেকে চাল লুট হওয়ার কথা জানান।

পরে দোকানে এসে দেখতে পান সাটার খোলা এবং দোকান থেকে ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল লুট হয়েছে। চালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭৫ হাজার টাকা।