রিয়াজ রহমানের ‘ক্ষতের’ চিকিৎসা চলছে
গুলিবিদ্ধ বিএনপি নেতা রিয়াজ রহমানের অবস্থা আপাতত শঙ্কামুক্ত জানিয়ে চিকিৎসকরা বলেছেন, অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষতের পরিচর্যা চলছে।
ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অপারেশন বিভাগের পরিচালক দবির উদ্দিন আহমেদ বুধবার দুপুরে বলেন, রিয়াজ রহমানকে লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে তার পা ও কোমরের চারটি ক্ষত ভালোভাবে পর্যবেক্ষণ করে পরিষ্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আপাতত আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
আগের রাতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান।
তার চিকিৎসায় সকালে অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক আমিনুল সানের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
বোর্ডের অন্য সদস্যরা হলেন-সার্জারি বিভাগের বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল এ কে এম জাফরুল্লাহ সিদ্দিক, নিউরোমেডিসিনের অধ্যাপক মাহবুবুর রহমান, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম, মেডিসিনের বিশেষজ্ঞ মো. ইকবাল হোসেন ও অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক মো. শহীদুল্লাহ।
রিয়াজ রহমানের শারীরিক অবস্থা তুলে ধরে ডা. দবির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “তার কোমরের বাঁ দিকে পেছনে দুটি ও বাঁ হাটুর নিচের দিকে দুটি ক্ষত রয়েছে।”
গুলি ঢোকার প্রতিটি স্থানে দেড় সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে এবং সেখানটা পুড়ে কালো হয়ে গেছে। আর গুলি বেরোনোর জায়গায় দুই সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে।
সিটি স্ক্যান ও এমআরআই প্রতিবেদনে কোনো ধাতব (মেটালিক) বস্তু দেখা যায়নি জানিয়ে চিকিৎসক বলেন, “তবে নরম ও স্নায়ু পেশীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়াজ রহমানের বাঁ পায়ের গোড়ালি ফোলা ও ফুট ড্রপ দেখা গেছে। তার বাঁ পায়ের অনুভূতি কম, তিনি পা নাড়াচড়া করতে পারছেন না।”
রিয়াজ রহমানের শরীরে গুলি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে আগমন-নির্গমন ক্ষত আছে বলে আমাদের কাছে মনে হয়েছে।”
এর আগে বেলা ১২টায় মেডিকেল বোর্ড বৈঠক করে রিয়াজ রহমানের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার পথে গুলশান ২ নম্বরের কাছে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন রিয়াজ রহমান। সন্ত্রাসীরা তাকে কাছ থেকে গুলি করে, তার গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
রিয়াজ রহমানের স্ত্রী নার্গিস রহমান, মেয়ে আমেনা রহমান ও ছোট ভাই ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান রাত থেকেই হাসপাতালে তার পাশে আছেন।
এদিকে রিয়াজ রহমানকে দেখতে সাবেক কূটনীতিকরা হাসপাতালে যান।
তাদের মধ্যে ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, সাবেক অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক আহমেদ চৌধুরী, ফারুক সোবহান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জামির, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী ও এস এম রাশেদ আহমেদ রয়েছেন।
রিয়াজ রহমানকে গুলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাহবুবুর রহমান বলেন, “রিয়াজ রহমানের মতো একজন কূটনীতিকের ওপর এভাবে হামলার ঘটনায় বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। এটা কোনোভাবে কাম্য নয়। আমরা এরকম ঘটনায় উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।”
এ হামলার প্রতিবাদে অবরোধের মধ্যেই বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
সাবেক এই পররাষ্ট্র সচিবের ওপর হামলার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সরকারের উস্কনিতেই রিয়াজের ওপর এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
