লালমাটিয়ায় 'কম্পিউটার সোর্স' এ অগ্নিকাণ্ড
রাজধানীর লালমাটিয়ায় কম্পিউটার যন্ত্রাংশের বিক্রেতা প্রতিষ্ঠান 'কম্পিউটার সোর্স' এর দোকান ও গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর শাহজাদী সুলতানা বলেন, বুধবার সকাল সোয়া ৯টার দিকে লালমাটিয়া সি-ব্লকের সাত তলা একটি ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদী সুলতানা বলেন, ওই ফ্ল্যাটে 'কম্পিউটার সোর্স' এর দোকান ও গুদাম ছিল। কেউ আহত না হলেও গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
