গাইবান্ধায় গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ, আহত ৫
গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এ সময় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, মঙ্গলবার অবরোধকারীরা উপজেলার মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে তিনটি মালবাহী ট্রাক ভাংচুর করে। এতে এক ট্রাক চালক গুরুতর আহত হন।
এছাড়া গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ডোমেরহাট এলাকায় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামী দুটি ব্যাটারি চালিত অটোবাইক থামিয়ে ব্যাপক ভাংচুর চালায় অবরোধকারীরা। এতে তিন জন যাত্রী আহত হন।
তিনি আরও জানান, এদিকে সোমবার রাত সাড়ে ১১টায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের পিনুর মোড়ের একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে তা ভাংচুর করে অবরোধকারীরা। এতে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম গুরুতর আহত হন।
