২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বুধবার ও বৃহস্পতিবার হরতাল

সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে বুধবার সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 03:13 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে মুক্তিসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় সিলেট নগরীর সুবিদবাজারে মিছিল শেষে এক সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি আবদুর রাজ্জাক।

মঙ্গলবার সকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহী অংশের নেতারা মঙ্গলবার এক বিবৃতিতে বৃহস্পতিবার সিলেট জেলায় এ হরতালের ঘোষণা দেন।

খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদ ছাড়াও তারা জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ ও মহানগরের সিনিয়র সহ সভাপতি মাহফুজুল করিম জেহিনসহ কারাবন্দি জাতীয় ও স্থানীয় নেতাদের মুক্তির দাবি করেন।

বিবৃতি দিয়েছেন ছাত্রদল সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলার সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাকিল মুরশেদ, মহানগরের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।

এছাড়া বুধবার পাবনায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং নোয়াখালীতে ছাত্রদল হরতাল ডেকেছে।