আদর্শহীন ছাত্র রাজনীতিতে বেদনাহত রাষ্ট্রপতি
বর্তমানে ছাত্র রাজনীতিতে ‘আদর্শের অনুপস্থিতি’ দেখে নিজের বেদনার কথা তুলে ধরলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ; অতীত ঐতিহ্যের কথা মনে করিয়ে ছাত্রদের ‘গণমুখী’ রাজনীতির ধারায় ফিরতে বললেন তিনি।
দেশের সবচেয়ে বড় শিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনে এসে মঙ্গলবার আচার্য হামিদের এই আহ্বান।
১৯৫৯ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আসা আবদুল হামিদ বাঙালির সেই সংগ্রামের অধ্যায়ে ছাত্র রাজনীতির উজ্জ্বল ভূমিকার কথা আজকের স্নাতকদের মনে করিয়ে দেন।
রাষ্ট্রপতি বলেন, আজও তিনি ছাত্র রাজনীতির বিপক্ষে নন, কেননা নেতৃত্ব সৃষ্টিতে ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে বলেই তার বিশ্বাস।
“তবে তা হতে হবে আদর্শিক, জনকল্যাণমুখী। ষাটের দশকে আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম তাদের সকলেরই আদর্শ ছিল। সে আদর্শ হলো দেশ ও জনগণের কল্যাণ সাধন। সেখানে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের কোনো স্থান ছিল না।”
“বর্তমানে ছাত্র রাজনীতিতে অনেক ক্ষেত্রে সে আদর্শের অনুপস্থিতি আমাকে বেদনাহত করে”, বলেন তিনি।
জাতীয় সংসদে সাতবার কিশোরগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করা এবং পরে স্পিকারের দায়িত্ব পালন করা হামিদের পর্যবেক্ষণ, দেশের ছাত্র রাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে ‘আদর্শের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ নির্ভর’ হয়ে পড়েছে।
“এ থেকে বেরিয়ে এসে ছাত্র রাজনীতিকে জাতির বৃহত্তর কল্যাণে আদর্শিক ও গণমুখী করে তুলতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।”
এ সমাবর্তনে মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় হাজার ১০৪ জন শিক্ষার্থীর হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। কৃতিত্বের জন্য ৩৬ জন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক।
রাষ্ট্রপতি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে অনেক বরেণ্য রাজনীতিবিদের। তারা মহান স্বাধীনতাসহ জাতীয় উন্নয়নে বিপুল অবদান রেখেছেন। মূলত ছাত্র রাজনীতির পথ বেয়েই তাদের উত্থান ঘটেছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র রাজনীতির রয়েছে এক বিশাল সংযোগ।”
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানে এবারের সমাবর্তন বক্তা ছিলেন জেনেভাভিত্তিক মেধাসত্ত্ব সংগঠন ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের মহা পরিচালক ফ্রান্সিস গারি।
বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ তার হাতে তুলে দেন সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও উপ উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভঙ্গ রদের ফলে তৎকালীন পূর্ব বঙ্গে উচ্চশিক্ষার যে দাবি উঠেছিল, তারই ফলশ্রুতিতে ১৯২১ সালের ১ জুলাই মাত্র ৮৭৭ জন ছাত্র, ৬০ জন শিক্ষক, তিনটি অনুষদ, ১২টি বিভাগ ও তিনটি আবাসিক হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।
“শতকের পথে এগিয়ে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেবর আজ অনেকগুণে বৃদ্ধি পেয়েছে। আমি জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে ৩৭ হাজার শিক্ষার্থী, ১ হাজার ৮২৬ জন শিক্ষক, ১৯টি আবাসিক হল, চারটি হোস্টেল, ১৩টি অনুষদ এবং ৪৮টি গবেষণা কেন্দ্রের সমন্বয়ে দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংখ্যা বাড়ার কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, “লেখাপড়ার প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও লেখাপড়ার পথ উন্মুক্ত ছিল। তবে তা ছিল সীমিত। ইংরেজ উপাচার্যের উৎসাহ ও উদ্যোগে শুরুতে স্বল্প সংখ্যক ছাত্রী নানা চড়াই-উৎরাই পেরিয়ে উচ্চশিক্ষা লাভের জন্য ভর্তি হয়েছিলেন। আমি আজ গর্বের সাথে বলতে পারছি যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর প্রায় অর্ধেকই ছাত্রী। নিঃসন্দেহে এটি আশাব্যঞ্জক।”
শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘অনুকরণীয় দৃষ্টান্ত’ রাখতে সক্ষম হয়েছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, “আজ নারীরা দেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিসহ শিক্ষা কার্যক্রমে সমভাবে অবদান রেখে চলেছেন। আমি তাদের অবদান ও ভূমিকাকে স্বাগত ও ধন্যবাদ জানাই।”
মাতৃভাষার অধিকার আদায়, স্বাধিকার থেকে স্বাধীনতা অর্জনে ‘বলিষ্ঠ ও সঠিক নেতৃত্ব’ দেওয়া এবং মুক্তবুদ্ধির চর্চা, শিক্ষা-গবেষণা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের অবদান জাতি ‘কৃতজ্ঞতার সাথে’ স্মরণ করে বলে বক্তব্যে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
“আজও গণতন্ত্র রক্ষা ও চর্চায় এ বিশ্ববিদ্যালয়ের জুড়ি নেই। তাই এই মহান বিদ্যাপীঠের স্বর্ণোজ্জ্বল ভূমিকার জন্য সারা জাতির সাথে আমিও গর্ব অনুভব করছি।”
সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, সমকালীন বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে ‘অধিক যোগ্য’ করে গড়ে তুলতে হবে। জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলায় ‘সাহসী ও উদ্যোগী’ হতে হবে।
“মনে রাখতে হবে নিজেদের আত্মপরিচয়ের কথা, মাতৃতুল্য এই বিশ্ববিদ্যালয়ের কথা। অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের প্রিয় দেশটির কথা। ভুললে চলবে না- তোমাদের সামান্যতম নেতিবাচক কর্মকাণ্ড আমাদের বিশাল অর্জনকে ম্লান করে দিতে পারে।”
