আনন্দ-উচ্ছ্বাসে ঢাবির ৪৯তম সমাবর্তন
বর্ণাঢ্য ও আনন্দ-উচ্ছ্বাসমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন অনুষ্ঠিত হলো।
মঙ্গলবার সকাল থেকে সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছিল বর্ণাঢ্য আয়োজন।
শিক্ষাজীবনের বহু কাঙ্ক্ষিত এই মাহেন্দ্রক্ষণে আনন্দ ভাগাভাগি করতে নতুন-পুরনো শিক্ষার্থীরা যোগ দিয়েছিলেন দল বেঁধে।
অনেকেই ক্যাম্পাস জীবনের ফেলে আসা সেই সোনাঝরা দিনগুলোতে ফিরে যান। শিক্ষক-সহপাঠী ও দেশ বরেণ্য ব্যক্তিদের সংমিশ্রণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ মহোৎসবে পরিণত হয়।
সমাবর্তনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য গ্রাজুয়েটদের চোখেমুখে উচ্ছ্বাস ছাপিয়ে উঠে। ক্যাম্পাস জীবনের প্রাণের সতীর্থদের স্মৃতি ধরে রাখতে ছবি তোলার মহড়া চলে; ক্যাম্পাসের আনাচ কানাচ থেকে ভেসে আসে ক্যামেরার ‘ক্লিক ক্লিক’ শব্দ।
কার্জন হল, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, কলাভবন ও বটতলাসহ ক্যাম্পাসের প্রায় প্রতিটি জায়গায় দেখা যায় আড্ডা।
সমাজকল্যাণ ইনস্টিটিউটের গ্রাজুয়েট মো শাহেদ আব্দুল হাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাউন পড়ে ক্যাম্পাসে ঘুড়তে ভালো লাগছিল। কিন্তু যখন মনে হচ্ছে আজ থেকে আমরা প্রাক্তন হয়ে গেলাম তখন মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। ক্যাম্পাসের দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছে।
“এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে গর্বিত। বিশ্ববিদ্যালয় যে শিক্ষা-দীক্ষা দিয়েছে, তা দিয়ে দেশ ও দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে সচেষ্ট থাকবো।
দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে সমাবর্তনের শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সমাবর্তন বক্তা এবং আমন্ত্রিত অতিথিদের আগমনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আচার্য।
এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠশেষে সমাবর্তন বক্তা জেনেভাভিত্তিক মেধাসত্ত্ব সংগঠন ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক ফ্রান্সিস গারি বক্তব্য রাখেন। তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়ে সাইটেশনস পাঠ করেন উপাচার্য।
রাষ্ট্রপতি অধ্যাপক ফ্রান্সিস গারির হাতে ডক্টর অব লজ ডিগ্রির সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এরপর পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ৪২ জন ও এমফিল ডিগ্রিপ্রাপ্ত ২০ জনের নাম ঘোষণা করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৯ জন স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী-গবেষকদের হাতে পদক তুলে দেন আচার্য।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাবর্তনের মূল বক্তা অধ্যাপক ফ্রান্সিস গারি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করায় আমি আনন্দিত ও নিজেকে সম্মানিতবোধ মনে করছি।
“একই সাথে সাথে আমি তাদেরকে স্বাগতম জানাতে চাই, যারা তাদের মেধা ও কষ্টের বিনিময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি লাভ করেছে। আমি তাদের ভবিষৎতের সফলতা কামনা করছি।”
উপাচার্য বলেন, বিশ্বায়নের যুগে উৎপাদনের চালিকাশক্তি হিসেবে জ্ঞানের কোনো বিকল্প নেই। জ্ঞানের সুষম সমন্বয় ও প্রয়োগের উপরই নির্ভর করে দেশের অর্থনৈতিক উন্নয়ন।
অনুষ্ঠানে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, ঢাকা বিশ্বদ্যিালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য ও একাডেমিক পরিষদের সদস্যরা।
এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের ৬ হাজার ১০৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি ও পদক প্রদান করা হয়।
এদের মধ্যে পিএইচডিধারী ৪২ জন, এমফিল ২০ জন, স্বর্ণপদকের জন্য ২৯ জন, এমডি এমএস ৪৯ জন, বিভিন্ন অনুষদের স্নাতক ৩ হাজার ১৬০ জন ও স্নাতকোত্তর ৫৬৫ জন, এমবিবিএস ১ হাজার ৬২৫ জন, বিডিএস ৩১৯ জন, নার্সিং ও ফিজিওথেরাপি ১৮৬ জন, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ১০৯ জন।
বিএনপির ডাকা টানা অবরোধের মধ্যে সমাবর্তনকে ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা। পুলিশ, এসএসএফ, র্যাবসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তৎপর ছিল।
আর তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন রোভার স্কাউট গ্রুপ, রেঞ্জার গ্রুপ ও বিএনসিসি।
