মালয়েশিয়ার ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন
মালয়েশিয়ার সঙ্গে স্বাক্ষরিত কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মোশাররাফ হোসাইন বলেন, “গত ৩ ডিসেম্বর মালয়শিয়ার এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতি পাবেন।
“৯০ দিনের জন্য তারা এ সুবিধা পাবেন এবং ট্রানজিট করতে পারবেন। এর চেয়ে বেশি থাকতে চাইলে নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী তারা নবায়ন করতে পারবেন।”
কূটনৈতিক পাসপোর্টধারীদের পরিবার ও ২১ বছরের নিচে অবিবাহিত সন্তানরাও এ সুবিধা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বর্তমানে বাংলাদেশের সঙ্গে ১২টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে এবং আরও ১৮টি দেশের সঙ্গে এ চুক্তির বিষয়ে আলোচনা চলছে।
যেসব দেশের সঙ্গে এ চুক্তি রয়েছে সেসব দেশে ভিসা ছাড়াই নির্দিষ্ট পেশার লোকজন যেতে পারেন।
