সম্প্রচারে চাপ সৃষ্টির অভিযোগ
সরকার টেলিভিশন সম্প্রচারে ‘চাপ’ সৃষ্টি করছে অভিযোগ তুলে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব।
সোমবার নোয়াবের বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, “টক শো, সরাসরি সম্প্রচারে বাধা ও নানা বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে।”
তবে বৈঠকে উপস্থিত একটি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তার প্রতিষ্ঠানের ওপর সে ধরনের কোনো চাপ নেই।
নোয়াব সভাপতি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে আজাদ, তাসমীমা হোসেন, মতিউর রহমান চৌধুরী, এ এস এম শহীদুল্লাহ খান, মাহ্ফুজ আনাম, রিয়াজউদ্দিন আহমেদ, সাঈদ হোসেন চৌধুরী, আলতামাশ কবীর, এম শামসুর রহমান ও কাজী আনিস আহমেদ।
নোয়াব একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে। টেলিভিশনটির সম্প্রচার এখনও অনেক এলাকায় বন্ধ রয়েছে বলে জানানো হয় বৈঠকে।
একটি মামলায় সালামকে গ্রেপ্তার করা হলেও একুশে টেলিভিশনের সম্প্রচারে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন। একুশে টেলিভিশনের কর্মকর্তা বলেছেন, সম্প্রচারে ত্রুটির কারণে বিভিন্ন এলাকায় তাদের চ্যানেলটি দেখা যাচ্ছে না।
সভায় গত ২৮ ডিসেম্বর ইংরেজি দৈনিক নিউ এইজ কার্যালয়ে পুলিশি তল্লাশির চেষ্টা, আপত্তির মুখে কার্যালয়ে ঢুকতে না পেরে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি ও পত্রিকার কার্যালয়ের সামনে সমবেত সাংবাদিকদের ভিডিও চিত্র ধারণের নিন্দা জানানো হয়।
“এ ধরনের ঘটনা সংবাদপত্রের স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার অন্তরায়। সাম্প্রতিক সময়ে প্রশাসন ও আইনগত দিক থেকে প্রচার মাধ্যমের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের বিভিন্ন পদক্ষেপে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়,” বলা হয় বিবৃতিতে।
নোয়াব উদ্বেগ জানানোর পাশাপাশি সংবাদপত্র, টেলিভিশন ও অন্যান্য প্রচার মাধ্যমকেও বিভিন্ন সংবাদ প্রকাশ এবং অনুষ্ঠান সম্প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে সমকাল এবং চ্যানেল টোয়েন্টিফোর- এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আসলে বৈঠকের শুরুর দিকে ছিলাম, কাজ থাকায় চলে এসেছি।
আপনার মালিকানাধীন পত্রিকা ও চ্যানেলে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না, আমার দুটি প্রতিষ্ঠানে কোনো চাপ নেই।”
