২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাবের বার্তা সম্পাদকের জামিন

ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামিন পেয়েছেন দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 10:28 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

আদালত আসামিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বলে জানান বশির উল্লাহ।

প্রলয় কুমার জোয়ারদার নামে এক পুলিশ কর্মকর্তার করা মামলায় গত ১৯ অগাস্ট ইনকিলাব কার্যালয় থেকে বার্তা সম্পাদক রবিউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার বাদী ওই সময় পুলিশ সদর দপ্তরে ভারপ্রাপ্ত এআইজি হিসাবে কর্মরত ছিলেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও আইসিটি আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ওই মামলায় পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়।

পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বাদীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, ‘তিনি পুলিশ বাহিনীতে তৈরি করেছেন অঘোষিত হিন্দু লীগ’।