রাসিক কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
রাজশাহী সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই নারী সোমবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে, কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করেছেন।
বোয়ালিয়া থানার ওসি খন্দকার নুর হোসেন বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।
অভিযোগকারী নারী জানান, নগর উন্নয়ন কমিটির (সিডিসি) সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে তাদের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে। সিটি করপোরেশনের কাউন্সিলররা তার তত্ত্বাবধান করেন।
সিডিসির সঞ্চয় বই পরীক্ষার জন্য কাউন্সিলর রবিউল আলম ৫০ জন সদস্যের বহি জমা নেন।
সোমবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বইগুলো নেওয়ার জন্য তিনি নগর ভবনে গিয়ে বসেছিলেন। বই না পেয়ে বেলা তিনটার দিকে বের হয়ে আসছিলেন তিনি।
এ সময় সিড়িতে কাউন্সিলর রবিউল আলম তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। তার গায়ের চাদর ধরে টানাহেঁচড়া করেন।
এ ব্যাপারে কাউন্সিলর রবিউল আলম বলেন, সোমবার তিনি নগরভবনেই যাননি। তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সিটি করপোরেশনে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। থানায় অভিযোগ করেছে পুলিশ তদন্ত করে দেখুক।
