২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিরের আক্রমণে নিহত জেলের পরিবারকে ক্ষতিপূরণ

সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত এক জেলের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 09:29 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই কার্যালয়ে নিহত জাহাঙ্গীর শেখের (৪০) স্ত্রী জয়গুন বেগমের হাতে ওই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

জাহাঙ্গীর বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের শেখ আবুল হোসেনের ছেলে।

মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ফকির নিহতের স্ত্রীর হাতে ওই চেক তুলে দেন।

এ সময় চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম রাসেলসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁইপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ)  বেলায়েত হোসেন জানান, ২০১৪ সালের ৩ জুলাই সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয় থেকে পাশ নিয়ে ডিঙ্গি নৌকায় করে জাহাঙ্গীর শেখ শেলা নদীর মৃগমারী এলাকার উরুবুনিয়া খালে মাছ শিকার করতে যান।

তিনি ওই খালে জাল পাতেন। পরে নৌকা থেকে নেমে পেতে রাখা জাল তুলতে গেলে একটি কুমির তাকে ধরে নিয়ে যায়। এর দুদিন পর পাশের নদী থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় তার স্ত্রী জয়গুন বেগম মংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জাহাঙ্গীর কুমিরের আক্রমণে নিহত হয়েছেন তদন্তে সত্যতা মেলায় তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ দেওয়ার সিদ্ধান্ত হয়।

২০১০ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয় সুন্দরবনের উপর নির্ভরশীল কোনো ব্যক্তি যদি বৈধ পাশ নিয়ে সুন্দরবনে গিয়ে সুন্দরবনের হাতি, কুমির কিংবা রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে নিহত হন তাহলে এক লাখ টাকা, আহত হলে ৫০ হাজার টাকা এবং এসব বন্যপ্রাণী যদি লোকালয়ে এসে মানুষের সম্পদের ক্ষতিসাধন করে থাকে তাহলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।

তারই অংশ হিসেবে জাহাঙ্গীরের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা।