২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পেট্রোল গুদামে আগুন, দগ্ধ ১

লালমনিরহাটের আদিতমারীতে আগুনে পেট্রোল গোডাউনসহ তিনটি গুদাম পুড়ে  গেছে। এ সময় দগ্ধ হয়েছেন এক ব্যবসায়ী।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 07:48 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার বিকালে উপজেলার নামুড়ি বাজারে এ অগ্নিকাণ্ডে দগ্ধ মহুবার রহমান (৪০) পলাশী ইউনিয়নের রামদেব গ্রামের ইউনুস আলীর ছেলে।

তিনি অনুমোদন ছাড়াই পেট্রোল ডিজেল বিক্রি করতেন এবং তার তেল গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে আদিতমারী থানার এসআই মো. আমিনুল ইলাম জানান, নামুড়ি বাজারে শিয়ালখোয়া-নামুড়ি পাইপাস সড়কের পাশে একটি দোকানে অনুমোদন ছাড়াই পেট্রোল ও ডিজেল বিক্রি করতেন মহুবার। তেল মজুদ রাখার জন্য তার দোকানের পেছনে একটি গুদামও রয়েছে।

তিনি বলেন, টানা অবরোধে তেলের চাহিদা বাড়তে পারে ভেবে ওই গুদামে ১৫টির মত পেট্রোল ও ডিজেলের ড্রাম মজুদ রাখে ওই অসাধু ব্যবসায়ী। বিকালে ড্রাম থেকে তেল নামানোর সময় হাতে থাকা সিগারেট থেকে অসাবধানতাবশত আগুন লাগলে প্রথমে নিজেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দগ্ধ হন মহুবার।

পরে তার চিৎকারে স্থানীয়রা এবং খবর পেয়ে লালমনিরহাট ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।”

এর মধ্যে ওই গুদামের পাশের দুটি ধানের গুদাম এবং স্থানীয় সমিতির দুটি কার্যালয় পুড়ে ছাই হয়ে যায় বলে জানান এসআই আমিনুল।

ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি জানিয়ে তিনি বলেন, পুলিশের গ্রেপ্তার এড়াতে মহুবার আত্মগোপন করেছেন।