চট্টগ্রামে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪
নাশকতার মামলায় চট্টগ্রামে জামায়াত ইসলামীর এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নগরীর লালদিঘীর পাড় ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- চট্টগ্রাম মহানগর জামায়াতের রুকন ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবর রহমান (৩৫), নাজিম উদ্দিন (২৪), বেলাল উদ্দিন (২৫) ও কামাল হোসেন ওরফে দাড়ি কামাল (২৬)।
এরা গত ৫ জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষ ও বিভিন্ন সময়ে নগরীতে নাশকতার ঘটনায় করা মামলার তালিকাভুক্ত আসামি বলে জানান কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৫ জানুয়ারিতে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে মুজিবর রহমানের নাম এসেছে। অন্যরাও এই ঘটনাসহ নগরীতে বিভিন্ন নাশকতার ঘটনায় হওয়া মামলার আসামি।
এই পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট এলাকা থেকে নাজিম, বেলাল ও কামালকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায় মুজিবরকে গ্রেপ্তার করা হয়।
