পরিকল্পিত উন্নয়ন চান চট্টগ্রামবাসী
সুষ্ঠু পরিকল্পনার অধীনে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করে ট্রাফিক ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছে বৃহত্তর চট্টগ্রামবাসী।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ-সংগ্রাম কমিটি।
কমিটির পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সাধারণ সম্পাদক ব্যরিস্টার মনোয়ার হোসেন।
তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য যে মহাপরিকল্পনা প্রয়োজন সেরকম কিছু দেখছি না। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি।
“অতীতে এই দাবিতে অনেকে সোচ্চার থাকলেও রাজনৈতিক দলসহ পেশাজীবী সংগঠনগুলো এখন নিরব। দল-মতের ঊর্ধ্বে উঠে আবার ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।”
চট্টগ্রাম নগরীতে ট্রাফিক ব্যবস্থাকে কার্যকর নেই উল্লেক করে তিনি বলেন, “গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে যানজট নিরসন করা দরকার।
“খাল খননে দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হয়নি। এখন অর্ধেক নগরী পানিতে তলিয়ে যায়। এখন জরুরি প্রয়োজন পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন।”
কমিটির সমন্বয়কারী শাহরিয়ার খালেদ বলেন, ১৯৬১ সালে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়। ১৯৯৫ সালে সিডিএ করে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ)। ২০১৫ সালে ড্যাপের মেয়াদ শেষ হবে। অথচ এখনো তা বাস্তবায়ন হয়নি।
“শাহ আমানত সেতু থেকে বিমান বন্দর পর্যন্ত এক হাজার আটশ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ কর্ণফুলীর ড্রেজিং আটকে আছে। ড্রেজিং শেষ না হওয়ায় মেরিনার্স সড়কের কাজও বন্ধ হয়ে আছে।”
বর্জ্য অপসারণের ব্যবস্থা না থাকায় তা খাল-নদীতে গিয়ে পড়ছে এমনকি সন্দ্বীপ চ্যানেলে জেলেদের জালেও পলিথিন উঠছে বলে জানান তিনি।
“পতেঙ্গা থেকে কুমিরা পর্যন্ত বেড়িবাঁধ সংলগ্ন খালগুলোর প্রস্থ ৬০ থেকে একশ ফুট। অথচ স্লুইস গেটের প্রস্থ ছয় ফুট। মানবসৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেই। কর্ণফুলী ও হালদা না বাঁচলে আমরা সুপেয় পানির সংকটে পড়ব।“
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থপতি জেরিনা হোসেন।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ-সংগ্রাম কমিটি ১৫ দফা দাবিতে ১৯৮৭ ও ১৯৮৮ সালে চট্টগ্রামে জনসভা ও হরতাল করেছিল।
কমিটির ১৫ দফা দাবির মধ্যে কয়েকটি পরে কয়েকটি পূরণ হয়।
