চুয়াডাঙ্গায় নার্সিংয়ের ৩৮ ছাত্রীর ভর্তি ‘জাল’
জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটের ৩৮ ছাত্রীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার ইন্সটিটিউটের ইনচার্জ আলোমতি বেগম এ খবর নিশ্চিত করেন।
তিতি জানান, তিন বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি’ কোর্সে গত নভেম্বরে ৪৯ জন ছাত্রী ভর্তি করা হয়।
রোববার সেবা পরিদপ্তর থেকে আসা একটি চিঠিতে জানানো হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ইন্সটিটিউটে ভর্তি হওয়া ৪৯ ছাত্রীর মধ্যে ৩৮ জন ভর্তি হয়েছেন জালিয়াতির মাধ্যমে।
চিঠিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।
আলোমতি বেগম জানান, সেবা পরিদপ্তরের নির্দেশনার আলোকে তারা গত ১৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৫০টি আসনে মোট ৪৯ জন ছাত্রী ভর্তি করেন।
জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ৩৮ জনকে ইতোমধ্যে চিহ্নিত করে বিষয়টি তাদের জানানো হয়েছে বলে তিনি জানান।
কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এদিকে খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রীরা।
ভর্তি বাতিল হওয়া রুপালি বিশ্বাস, কানিজ ফাতিমা, শম্পা খাতুন, সুইটি আক্তার, মিতু খাতুন ও মিষ্টি বিশ্বাস জানান, ভর্তি বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী ভর্তি ফরম পূরণ ও ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করে তারা ভর্তি হয়েছেন।
হঠাৎ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তারা দিশেহারা হয়ে পড়েন বলে জানান।
