২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুই বিএনপি করিস, বলেই গুলি’

রাজধানীর উত্তরায় পুলিশের এক কর্মকর্তার পিস্তলের গুলিতে আহত হয়েছেন এক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

পুলিশ দাবি করেছে, অবরোধের সমর্থনে মিছিল ঠেকানোর সময় ওই ব্যবসায়ী এক এসআইয়ের পিস্তল কেড়ে নিতে গেলে ধস্তাধস্তিতে গুলি বেরিয়ে যায়।

তবে আহতের পরিবারের দাবি, একটি বাড়ির সামনে দাঁড়ানো ওই ব্যবসায়ীর শার্টের কলার ধরে পুলিশের ওই কর্মকর্তা ‘তুই বিএনপি করিস’ বলে সরাসরি গুলি চালান।  

গুলিবিদ্ধ ফায়েজ আলী সরকার (৫২)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কোনো দল করেন না বলে তার পরিবারের দাবি।

ফায়েজ উত্তরা ১৩ নম্বর সেক্টরে মধ্য আজমপুর এলাকায় থাকেন। উত্তরার আইয়ুব মার্কেটের পাশে তার রড-সিমেন্টের দোকান রয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যে রোববার সকালে দক্ষিণ খান থানার এসআই জয়নাল আবেদীনের পিস্তলের গুলিতে আহত হন ফায়েজ।

অবরোধের মধ্যে ভাংচুর, গাড়ি পোড়ানো ও বোমাবাজির ঘটনা ঘটছে। তার ঠেকাতে পুলিশও সক্রিয় রয়েছে।

ফায়েজ বিএনপি করেন বলে দাবি করেছেন দক্ষিণ খান থানার ওসি শামীমুর রশিদ তালুকদার। তবে তিনি বলেন, গুলির ঘটনাটি ‘অসাবধানতাবশত’।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে ২০ দলীয় জোটের কর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করছিল।

“এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যেই ফায়েজ এক পুলিশ সদস্যের পিস্তল নিয়ে টানাহেঁচড়া শুরু করে। এক পর্যায়ে অসাবধানবশত পিস্তল থেকে বের হওয়া গুলিতে আহত হন তিনি।”

তবে ফায়েজের ভাতিজা নূরুল হাসানের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি পুরোপুরি উল্টো। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ফায়েজ আইয়ুব মার্কেটের পেছনে কনস্ট্রাকশনের কাজ দেখভাল করছিলেন। এ সময় দক্ষিণ খান থানার এসআই জয়নাল তাকে ডাক দেন।

“তিনি পুলিশের ডাকার কারণ বুঝতে না পেরে, কিছুটা ভীত হয়েই সেখান থেকে কিছুটা সরে আমাদের বাসার কাছে চলে আসেন। এই সময় এসআই জয়নাল এগিয়ে এসে চাচার কলার চেপে ধরে এবং ‘তুই বিএনপি করস, থানায় তোর নামে তথ্য আছে’ বলে পিস্তল বের করে চাচার কোমরে তা ঠেকিয়ে গুলি করে।”

সবার চোখের সামনে এই ঘটনা ঘটেছে দাবি করে হাসান বলেন, তখন আইয়ুব মার্কেট ও মুন্সি মার্কেট থেকে শত শত মানুষ রাস্তায় নেমে আসে

“গুলির কারণ জানতে চাইলে এসআই জয়নাল ‘মিস ফায়ারিং’ হয়ে গেছে বলেই চলে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।”

ফায়েজের স্ত্রী রেহানা ফায়েজের দাবি, তার স্বামী কোনো রাজনৈতিক দল করেন না এবং কোনো মিছিলেও অংশ নেয়নি।