২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা: ২ আ. লীগ নেতা কারাগারে

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 04:58 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

এরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির আদিল ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার।

আদালত পুলিশের পরিদর্শক আবু জাফর মো. সালেহ জানান, সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এ দুজন।

বিচারক আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এরপর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যার একশ দিন পর ৫৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যায় পুলিশ ও র‌্যাব এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এখনও পলাতক ২১ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।