সমাবেশস্থলের কাছে বোমাবাজি, পিস্তলসহ আটক ৩
আওয়ামী লীগের সমাবেশস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কাছে বোমাবাজির পর দুটি পিস্তল ও অর্ধশতাধিক গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।
অস্ত্রসহ আটক তিনজনই নিজেদের সরকারসমর্থক বলে দাবি করেছেন।
রমনা পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান জানান, সোমবার বেলা সোয়া ২টার দিকে সমাবেশে জনসমাগম শুরুর সময় বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের মাঝামাঝি এলাকায় তিনটি হাতবোমা ছোড়া হয়।
“তিনটির মধ্যে দুটি বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় কেউ আহত হননি। কাউকে আটকও করা যায়নি।”
কয়েকজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনটি হাতবোমাই খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ছোড়া হয় বলে তাদের ধারণা।
এরপর বিকাল ৩টার দিকে জয়কালি মন্দিরের কাছ থেকে একটি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়।
বিকাল ৪টার দিকে বাংলা একাডেমির কাছের এলাকা থেকে একটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ আরও একজনকে আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সায়েম নিজেকে একজন গাড়ি ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছেন। তিনি মোহাম্মদপুর এলাকার আওয়ামী লীগ কর্মী। আর জসিম তার সহকারী।
আর বাংলা একেডেমি এলাকায় আটক আনোয়ার হোসেন (৪৫) মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি।
শাহবাগের ওসি সিরাজুল বলেন, শাহিনের কাছে একটি পিস্তল ও ১২ রাইন্ড গুলি আর জসিমের কাছ ২৬ রাউন্ড গুলি পাওয়া যায়। অপর পিস্তল ও ১৪ রাউন্ড গুলি পাওয়া যায় আনোয়ার হোসেনের কাছে।
“দুটি পিস্তলই লাইন্সেস করা বলে দাবি করেছেন আটকরা। বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে।”
পিস্তলগুলোর মালিকানা তাদের কিনা এবং কেন তারা আগ্নেয়াস্ত্র নিয়ে সমাবেশের কাছে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যেই ক্ষমতাসীন দল এই সমাবেশ করে।
৫ জানুয়ারি কর্মসূচি পালন করতে না পারার পর সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিক্ষিপ্ত বোমাবাজি ও গাড়ি পোড়ানোর মধ্য দিয়ে সেই কর্মসূচি চলছে।
