রেলের নিরাপত্তায় নামছে ৮ হাজার আনসার
মন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে অবরোধে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও রেলপথে নাশকতা রোধে নামছে আট হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য।
সোমবার সন্ধ্যা থেকেই সারাদেশে ‘ঝুকিপূর্ণ’ ১ হাজার ৪১টি পয়েন্টে আট হাজার ৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য কাজ শুরু করবেন বলে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশি বাধায় ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে অবরোধের কর্মসূচি দেন।
অবরোধের শুরু থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলার মতো নাশকতাও ঘটেছে।
এ অবস্থায় রোববার এক আন্তঃমন্ত্রণালয় সভায় রেলমন্ত্রী মুজিবুল হক অবরোধের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ও রেলপথের নিরাপত্তা নিশ্চিতে আট হাজারের বেশি আনসার সদস্য নামানোর কথা জানান।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে রেলপথের ‘ঝুকিপূর্ণ’ ১ হাজার ৪১টি পয়েন্টের প্রতিটিতে ৮ জন করে আনসার-ভিডিপি মোতায়েন থাকবে।
