২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত ‘ক্রাইসিস’ আসুক রেল চলবে: রেলমন্ত্রী

বিএনপির ডাকা টানা অবরোধ সত্ত্বেও কোন অবস্থাতেই রেল চলাচল বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 03:37 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

পাশাপাশি হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালীন রেল লাইন, ট্রেন ও রেল স্থাপনাতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আট হাজারের বেশি আনসার মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার রেলভবনে হরতাল ও অবরোধ কর্মসূচি চলার সময়ে রেল লাইন, ট্রেন ও রেল স্থাপনাতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও রেল যোগাযোগ অব্যাহত রাখতে এক বৈঠকে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের ৩৩৪টি ট্রেন বিভিন্ন গন্তব্য নিয়মিত চলাচল করছে, যত রকমের ক্রাইসিস আসুক না কেন, ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ড বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়ার উসকানিতে করুক না কেন, অবরোধের মধ্যে এসব ট্রেন নিয়মিত চলাচল করবে।”

মুজিবুল হক বলেন, “আমরা গতবারের মত আট হাজারের উর্ধ্বে আনসার নিয়োগ করার সিদ্ধান্ত বৈঠকের মাধ্যমে নিবো। বিষয়টি হাই কমান্ডের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”

পুলিশি বাধায় ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধ চালিয়ে যেতে রোববার সকালে এক সংবাদ বিফ্রিংয়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অবরোধের প্রথম কয়েকদিন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পাহারায় দূরপাল্লার বাস ছাড়ছে। রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতেও গাড়ি চলছে অনেকটা স্বাভাবিক সময়ের মতই।

তবে অবরোধের শুরু থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, রেল লাইনে নাশকতারও ঘটনা ঘটেছে কয়েকটি।

গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‘উসকানিতে’ রেলের সম্পদ ক্ষতিগ্রস্থ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে উল্লেখ করে মন্ত্রী বলেন, “সে সময় দুই হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথের নিরাপত্তায় প্রায় ৮ হাজার আনসার নিয়োগ দেয়া হয়েছিল।”

দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সংস্কৃতিক সংগঠন ও সচেতন নাগরিকদের রেল লাইন রক্ষার্থে এগিয়ে আসার আহ্বান জানান রেলমন্ত্রী।

রেল লাইনে যে স্থানে নাশকতা হচ্ছে সেখানে মামলার পাশাপাশি এর জন্য দায়ীরা গ্রেপ্তারও হচ্ছেন বলে জানান রেলমন্ত্রী

তিনি বলেন, “৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে রেল লাইনে নাশকতার ঘটনায় ৪৪টি মামলা হয়েছে। অনেক আসামি গ্রেপ্তার হয়েছে, আবার অনেকে পলাতকও রয়েছে।

“রেল লাইন নিরাপত্তায় ও নাশকতা ঠেকাতে পেট্রোল কার রেকি করছে। প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে এবং এটি আরো জোরদার করা হবে। যাত্রীদের নিরাপত্তা দেয়াই মূল লক্ষ্য।”

গত কয়েকদিনের অবরোধে রেল লাইনে নাশকতা চালিয়ে ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে। বারবার রেল চলাচলের সময়সূচিতে এর প্রভাব পড়েছে।

এ বিষয়ে পদক্ষেপের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, “জাতীয় সম্পদ রক্ষায় দেখে শুনে ট্রেন চলাচল করতে হচ্ছে, এজন্য সমস্যা হচ্ছে।”

বৈঠকে রেলসচিব মনসুর আলী সিকদার, রেল মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

নাশকতায় ট্রেনসূচিতে ফের বিপর্যয়