এবার চাঁপাইনবাবগঞ্জের আদালতে বোমা
সুপ্রিম কোর্টের আদালতকক্ষে বোমা ও আইনজীবী সমিতির শৌচাগার থেকে গুলিভর্তি পিস্তর উদ্ধারের রেশ না কাটতেই চাঁপাইনবাবগঞ্জের আদালত ভবন থেকে উদ্ধার করা হয়েছে চারটি হাতবোমা।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের তৃতীয় তলায় এজলাসের সামনের বারান্দায় বোমাগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অহিদুল ইসলাম।
বোমাগুলো কারা সেখানে রেখেছে তা জানার চেষ্টা হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বোমা উদ্ধারের পর আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিরোধী জোটের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের স্থাপনা অবরোধকারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মোস্তাকিনুর রহমানের বাসভবনে বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপিনেতা তারেক রহমানের বক্তৃতা-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের বাড়িতে আগুন দেওয়া হয়।
একইদিন সন্ধ্যায় বোমার বিস্ফোরণ ঘটানো হয় বেঞ্চের আরেক বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমণ্ডির বাড়ির সামনে।
সবশেষ রোববার সুপ্রিম কোর্ট থেকে বোমা ও আইনজীবী সমিতির টয়লেট থেকে মেলে গুলিভর্তি পিস্তল।
