জামায়াত-শিবিরের ৫ নেতা ও তাজুলের বিরুদ্ধে অবমাননার রুল
যুদ্ধাপরাধ মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকায় এবং রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় জামায়াত আমিরসহ পাঁচ নেতা এবং এক আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে ট্রাইব্যুনাল।
এই ছয়জন হলেন- জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত নায়েবে আমির মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এবং ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়েছে ট্রাইব্যুনাল।
দুই সপ্তাহের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে এর ব্যাখ্যা দিতে হবে। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ২৮ জানুয়ারি।
বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ দেয়।
ইসলামের চেতনা ও নবীর সুন্নতের সঙ্গে জামায়াতের সহিংস কর্মসূচি কতোটা খাপ খায়- সে বিষয়েও আসামিপক্ষ ও প্রসিকিউশনকে শুনানি করতে বলেছে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান এম ইনায়েতুর রহিম বলেন, “এ বিষয়ে ট্রাইব্যুনালের গত রায়ে বলা ছিল। আমরা এ বিষয়ে জ্ঞান লাভ করতে চাই।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম এবং বিবাদীপক্ষে অ্যাডভোকেট মো. শিশির মনির এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে গত ১ জানুয়ারি সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী এবং ওই ছয়জনের বিরুদ্ধে অবমাননার এই অভিযোগ দাখিল করা হয়।
৫ জানুয়ারি এ বিষয়ে শুনানি করে সোমবার আদেশের দিন রেখেছিল ট্রাইব্যুনাল। আদেশে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী বাদে বাকিদের তলব করেছেন বিচারক।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের পর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি হরতাল করে জামায়াত।
সে সময় রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়ে ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেন জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা।
আজহারের আইনজীবী তাজুল ইসলাম রায়ের পর বলেন, “ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে সাক্ষ্য-প্রমাণ দিয়েছেন, সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ে ফেলা হলেই সুবিচার হতো। এসব সাক্ষ্য-প্রমাণে মৃত্যুদণ্ড হওয়া দূরের কথা, এসব অভিযোগ দাখিলের জন্য প্রসিকিউশনের জরিমানা হওয়ার দরকার ছিল।”
আজহারের ফাঁসির রায়কে ‘অষ্টম আশ্চর্য’ বলেও আখ্যায়িত করেন এই আইনজীবী, আগের বিভিন্ন রায় ঘিরেও যার আচরণ সমালোচিত হয়েছে।
ওইদিন তিনি বলেন, “একাত্তরে পাকিস্তানি সেনাদের সঙ্গে ট্রেন থেকে আজহারকে নামতে যে তিনজন দেখেছেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, তাদের কেউ দেখেছেন ৬ কিলোমিটার দূর থেকে, কেউ ৩ কিলোমিটার ও আবার কেউ দেখেছেন দেড় কিলোমিটার দূর থেকে। এসব সাক্ষ্যের মাধ্যমে মৃত্যুদণ্ড ঘোষণা করা অষ্টম আশ্চর্যজনক ঘটনা বলে আমরা মনে করি।”
এই প্রেক্ষাপটে প্রসিকিউটর রানা দাশগুপ্ত, জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সীমন, ব্যারিস্টার তুরিন আফরোজ, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন গত ১ জানুয়ারি তাজুলসহ বাকিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে অভিযোগ দাখিল করেন
৫ জানুয়ারি শুনানিতে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, প্রসিকিউশনের সাক্ষ্য-প্রমাণ ডাস্টবিনে ছুড়ে ফেললে সুবিচার হতো- তাজুলের এ বক্তব্যে আদালত অবমাননা হয়েছে।
“এটিএম আজহারের রায়ের পর আসামিপক্ষ থেকে তাজুল ইসলাম যে বক্তব্য, অঙ্গভঙ্গি ও শব্দচয়ন করেছেন তা মোটেই আইনজীবীসুলভ ছিল না। তাজুল জামায়াত-শিবিরের প্রোপাগাণ্ডা মেশিন হিসেবে কাজ করছেন এবং ট্রাইব্যুনালের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপবাদ ছড়াচ্ছেন।”
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির সাত শীর্ষ নেতার রায়ের পর প্রতিবারই হরতাল ডাকা হয়েছে, বিভিন্ন স্থানে ঘটেছে সহিংসতার ঘটনা। এর আগেও ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ের পর্যবেক্ষণে জামায়াতের এ ধরনের প্রতিক্রিয়ার বিষয়টি উঠে এসেছে।
আজহারের রায় ঘোষণার আগে প্রারম্ভিক বক্তব্যে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছিলেন, “ফৌজদারী মামলার রায়ে সকল পক্ষকে খুশি করা সম্ভব নয়। রায় পছন্দ না হলে সহিংস হওয়া কাম্য নয়। এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিৎ নয়, যাতে রায় দেওয়ার ক্ষেত্রে বিচারকরা চাপ অনুভব করেন।”
বিচারক বলেন, “আমরা রায় হওয়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখি। বিবৃতি দিয়ে বা সহিংস হয়ে রায় পরিবর্তন করা যায় না। আইনের ভেতরে থেকে আইনের মাধ্যমে চেষ্টা করতে হয়।”
বিভিন্ন দেশি-বিদেশি সংবাদপত্রে বাংলাদেশের যুদ্ধাপরাধ মামলার রায়ের খবর ভুলভাবে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, “দেশ ও বিদেশের কয়েকটি মিডিয়া বলছে, এখানে ধর্মীয়ে নেতাদের রায় দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একাত্তরের অপরাধীদের বিচার করছি। তিনি কোন পর্যায়ের ইসলামিক বা ধর্মীয় নেতা সেটা আমাদের বিবেচ্য নয়।”
