ধর্মীয় নেতার নয়, একাত্তরের অপরাধের বিচার: ট্রাইব্যুনাল
বিভিন্ন দেশি-বিদেশি সংবাদপত্রে বাংলাদেশের যুদ্ধাপরাধ মামলার রায়ের খবর ভুলভাবে আসছে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, এ আদালত একাত্তরের অপরাধীদের বিচার করছে, কোনো ধর্মীয় নেতার নয়।
মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলার রায় পড়া শুরুর আগে প্রারম্ভিক বক্তব্যে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এ কথা বলেন।
তিনি বলেন, “দেশের ও বিদেশের কয়েকটি মিডিয়া বলছে, এখানে ধর্মীয়ে নেতাদের রায় দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একাত্তরের অপরাধীদের বিচার করছি। তিনি কোন পর্যায়ের ইসলামিক বা ধর্মীয় নেতা সেটা আমাদের বিবেচ্য নয়।”
আসামির আজকের অবস্থান আদালতের বিচারে দেখা হয় না বলেও উল্লেখ করেন বিচারক।
জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় এর আগের রায়ের দিনগুলো ঘিরে সারা দেশে সহিংসতার বিষয়টিও ট্রাইব্যুনাল প্রধানের বক্তব্যে এসেছে।
এর আগে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির সাত শীর্ষ নেতার রায়ের পর প্রতিবারই হরতাল ডাকা হয়েছে, বিভিন্ন স্থানে ঘটেছে সহিংসতার ঘটনা।
এর আগেও ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ের পর্যবেক্ষণে জামায়াতের এ ধরনের প্রতিক্রিয়ার বিষয়টি উঠে এসেছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, “ফৌজদারী মামলার রায়ে সকল পক্ষকে খুশি করা সম্ভব নয়। রায় পছন্দ না হলে সহিংস হওয়া কাম্য নয়। এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিৎ নয়, যাতে রায় দেওয়ার ক্ষেত্রে বিচারকরা চাপ অনুভব করেন।”
বিচারক বলেন, “আমরা রায় হওয়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখি। বিবৃতি দিয়ে বা সহিংস হয়ে রায় পরিবর্তন করা যায় না। আইনের ভেতরে থেকে আইনের মাধ্যমে চেষ্টা করতে হয়।”
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরু হয়। আজাহারের রায়টি হচ্ছে এ আদালতের পঞ্চদশ রায়।
