রাঙ্গামাটিতে ৯ ঘণ্টার জন্য কারফিউ শিথিল
রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় জারি করা কারফিউ নয় ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
তবে পরিস্থিতি শান্ত না হওয়া পর্ষন্ত জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন তিনি।
“জেলা শহরে প্রশাসনের জারি করা কারফিউ নয় ঘণ্টা শিথিল করা হয়েছে। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত আবার কারফিউ থাকবে।”
সোমবার সকালেও শহরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কারফিউ এর বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।
এ সময় ঘর থেকে কাউকে বের না হতে অনুরোধ জানানো হয়। আইন ভাঙলে প্রয়োজনে গুলির নির্দেশ রয়েছে বলেও হুঁশিয়ার করা হয়।
শনিবার রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পাহাড়ী ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের পর সহিংসতার আশঙ্কায় রাঙামাটি শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এই নিষেধাজ্ঞার মধ্যেই রোববার বিকালে শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জারি করা হয় কারফিউ।
শনিবার বাংলাদেশের বিভিন্ন স্থানে ১১টি মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়, যার একটি রাঙামাটিতে।
