২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলপাড়ের অনেক স্বপ্ন পুড়ে ছাই

রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুর পুলপাড় বস্তির জীবনে মুদি দোকানী জাকির, পোশাক শ্রমিক হুমায়ুন কিংবা বৃদ্ধা আয়েশা বেগমের মতো অনেক মানুষের বাঁচার অবলম্বন ছিল শুধু স্বপ্ন; আগুন তাও কেড়ে নিয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 12:16 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

আগুনে বস্তির অনেকেই হারিয়েছেন জীবিকার শেষ অবলম্বন; সব হারানো মানুষগুলোর চোখে এখন কেবলই অনিশ্চয়তা। আর ঘর হারানোর কষ্ট ছাপিয়ে সন্তান হারানোর ব্যথায় নির্বাক জয়নাল-নুরুন্নাহার দম্পতি।  

রোববার সকাল ৮টার দিকে ওই বস্তিতে আগুন লাগার ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বস্তির ১৯টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ৫৫১টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।

আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা একটি পুড়ে যাওয়া ঘর থেকে চার বছর বয়সী ফাতেমার লাশ উদ্ধার করে। লাশ পাওয়ার আগে শিশুটিকে ‘পাগলের মতো’ খুঁজে বেড়াচ্ছিল তার পরিবারের সদস্যরা।

নিহত শিশুটির ফুফু মুন্নি জানান, তার ভাই জয়নাল অটোরিকশা চালান। জয়নালের স্ত্রী নুরুন নাহার রোববার সকালে ফাতেমাকে ঘরে রেখে আরেক মেয়ে জয়নবকে (৯) স্থানীয় জাফরাবাদ সরকারি স্কুলে দিতে যান।

স্কুলে থাকতেই বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে আগুনে পোড়া ঘর দেখে মূর্ছা যান নুরুন্নাহার।

“ফাতেমারে খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই আল্লাহরে ডাকতাছিল যেন বাঁইচা থাকে”, বলেই কেঁদে ফেলেন মুন্নি।

শেষ পর্যন্ত ফাতেমার খোঁজ মিললেও তাকে জীবিত ফিরে পেলেন না তার বাবা-মা।

আগুনে পুড়েছে মুদি দোকানী জাকির হোসেনের স্বপ্নও।

দেড় বছর আগে ধারদেনা করে দোকান করেছিলেন; সব ভালই চলছিল।

“ভাবসিলাম সংসারে নতুন মুখ আসুক। এখন আমার সব সম্বল শেষ।”

এখন ধারের টাকা কীভাবে শোধ করবেন, অনাগত সন্তান ও তার মায়ের চিকিৎসার ব্যয় কীভাবে মেটাবেন, তার কোনো উপায় দেখছেন না এই তরুণ।

“ভাই কেমনে কি হইব বুঝতে পারতাছি না। আমাগো সাহায্য করনের কেউ কি নাই”, প্রশ্ন জাকিরের।

পুড়ে যাওয়া বস্তির পাশে পানির মগ হাতে নিয়ে হতবিহ্বল দাঁড়িয়ে ছিল শিশু শামিম। পাশে তার দাদি আয়েশা বেগম শীতে কাঁপছিলেন। এক যুগের বেশি সময় ধরে তারা এই বস্তিতে থাকতেন।

আয়েশা বেগম বলেন, “গত বৈশাখে আমার স্বামী মারা যায় এই বস্তিতে। দুই পোলা এক মাইয়া নিয়া এইখানে ২৫শ’ টাকায় ঘর ভাড়া দিয়া থাকতাম। এখন কই যামু? বাড়িতে যা ছিল সব পুইড়া গেছে।”

গার্মেন্ট শ্রমিক হুমায়ূন কবির ও খোকন জানান, আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন তাদের সবই পুড়ে ছাই।

হুমায়ূনকে পুড়ে যাওয়া একটি ঘর থেকে কোরআন শরীফ বের করে আনতে দেখা যায়।

“এখন আমাগো আল্লাই ভরসা। কই যামু, কই থাকুম, কিছু জানি না। কপালে আল্লাহ যা রাখছে, তাই হইব” বলতে বলতে চোখ মোছেন তিনি।