২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা পলিটেকনিকে সংঘর্ষে ২টি মামলা

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ ও বহিরাগতদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 09:10 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

এ ঘটনায় পুলিশ ৬৪ জন শিক্ষার্থীসহ ১০০ জনকে আটক করেছে।

রোববার দুপুরে ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা মাহমুদুল ইসলাম খান ভাংচুর ও হামলার অভিযোগে একটি এবং হামলা ও মারপিটের ঘটনায় ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন বাদী হয়ে অপর মামলা দায়ের করেন।

মাহমুদুল ইসলাম খানের মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৩০ জনকে এবং আরমানের মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয়।  

এদিকে শনিবারের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে পাবনা জেনারেল হাসপাতালে গেলে ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি সাইদ হোসেন ও রেজিস্ট্রার নবির উদ্দিনের উপর হামলা করেছে একদল যুবক।

শনিবারের ঘটনায় ইনস্টিটিউট কর্তৃপক্ষ ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।   

পাবনা সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় ইস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ ও বহিরাগতদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক ভাংচুর চালানো হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়।

এ ঘটনায় কর্তৃপক্ষ ও ছাত্রলীগ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। পুলিশ ৫৬ জন শিক্ষার্থীসহ ১০০ জনকে আটক করেছে।

ক্যাম্পাস বর্তমানে শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবারের ঘটনা তদন্তে শিক্ষক সমিতির সভাপতি ও হোস্টেল সুপার সাইদ হোসেনকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে শিক্ষক সমিতি নেতা সাইদ হোসেন ও রেজিস্ট্রার নবির উদ্দিনের উপর হামলার নিন্দা করেছেন তিনি।