বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু
গাজীপুরের কোনাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার কোনাবাড়ির বাইমাইল এলাকায় এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন।
মৃত আব্দুল হামিদ (৪০) ময়মনসিংহের মুক্তগাছা থানার হরিপুরদেওলি এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, কোনাবাড়ি বাইমাইল এলাকার আনোয়ার হোসেনের একটি পাঁচতলা ভবনের নির্মাণ কাজ চলছিল।
বেলা আড়াইটার দিকে নির্মাণ শ্রমিক হামিদ তৃতীয় তলায় কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ার পর তিনি নিচে পড়ে যান।
এ সময়ে তাকে উদ্ধার করতে গিয়ে নির্মাণ শ্রমিক হাসান আলীও বিদুৎস্পৃষ্ট হন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই আজহার।
