২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অটোরিকশা ভাংচুর-অগ্নিসংযোগ

অবরোধে দলীয় কার্যালয়ে হামলা ও নেতাকর্মী আহতের প্রতিবাদে সিরাজগঞ্জে ২০ দলের ডাকা হরতালে অটোরিকশা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 07:24 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

রোববার উল্লাপাড়ায় দুটি অটোরিকশায় অগ্নিসংযোগ এবং এনায়েতপুরে তিনটি অটোরিকশা ভাংচুর করা হয়।

এদিকে, পুলিশের উপর হাতবোমা নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

অবরোধ ও হরতালের কারণে মহাসড়ক দিয়ে বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল না করলেও বেলা ১১টার পর থেকে পুলিশ, র‌্যাব ও বিজিবির পাহারায় কিছু সবজিবাহী ট্রাক ও যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা ও উত্তরাঞ্চলমুখী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, উপজেলার ঝিকিড়া কবরস্থানের কাছে অবরোধকারীরা দুটি অটোরিকশার গতিরোধ করে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার বিকাল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ৭৬ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৩৫/৪০ জনের বিরুদ্ধে রোববার দুটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।