নড়াইলে মামলার আসামি বিএনপির দেড় শতাধিক
নড়াইলে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
রোববার সকালে ও শনিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে।
নড়াইল শহরের হাতিরবাগান এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এবং রোববার ভোরে সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের সিতারামপুর এলাকায় ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাসে আগুন দেওয়ার ঘটনায় নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ঘোষ বাদী হয়ে শনিবার রাতেই মামলাটি করেন।
মামলায় নড়াইল পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ ২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৫৫/৬০ জনকে আসামি করা হয়েছে।
নড়াইল সদর থানায় পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, মামলায় পৌর মেয়র জুলফিকার আলীসহ নয় জনকে শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. কাসেম বাদী হয়ে রোববার সকালে একটি মামলা করেন।
মামলায় ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৫৫/৬০ জনকে আসামি করা হয়েছে জানিয়েছেন পরিদর্শক দেলোয়ার হোসেন।
