২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভির সালাম ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 04:20 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মশিউর রহমান রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। 

অন্যদিকে সালামের পক্ষে রিমান্ডের বিরোধিতা এবং জামিনের আবেদন করেন বিএনপিপন্থি আইনজীবী নেতা মোসলেহ উদ্দিন জসীম।

শুনানি শেষে বিচারক ওয়ায়েস কুরুণী জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে সালামের আরেক আইনজীবী ইউনুস আলী বিশ্বাস জানান।

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কয়েকটি মামলার 'পলাতক' আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রাষ্ট্রদ্রোহের এ মামলার আসামি।

গত সপ্তাহে লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে তারেকের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচার নিয়ে তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন গত ৮ জানুয়ারি এ মামলা করেন।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। আর পর্নোগ্রাফি আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে সালাম আছেন ঢাকার কারাগারে।

রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ করা হয়েছে, তারেক ও সালাম পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন এবং আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা’ তৈরি করতে চেয়েছিলেন।

এছাড়া স্বাধীন বিচার বিভাগের মধ্যে বিভক্তি ‍সৃষ্টি, সেনাবাহিনী ও বিজিবির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি, পুলিশ বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টারও অভিযোগ আনা হয়েছে মামলায়।

তারেক সম্প্রতি লন্ডনে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বিতর্কিত হন। তা নিয়ে রিট আবেদন হলে বুধবার হাই কোর্টের একটি বেঞ্চ পলাতক এই বিএনপি নেতার বক্তব্য বিবৃতি-প্রচারে নিষেধাজ্ঞা দেয়।

পুরনো খবর:

তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা