ইমদাদুল হক মিলনকে হত্যার হুমকি
প্রাণনাশের হুমকির পেয়ে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তার আইনজীবী লাবলু মোল্লা জানানা, শনিবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজং থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ করেন তিনি।
শুক্রবার সকালে উপজেলার মেদিনীমণ্ডল গ্রামে নিজের বাড়ির নির্মাণ কাজে চাঁদা দাবি করে না পেয়ে দুর্বৃত্তরা তাকে খুন করার হুমকি দেয় বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
লাবলু মোল্লা বলেন, গ্রামের দুর্বৃত্তরা কিছুদিন ধরে তার বাড়িতে কর্মরত ও নিয়োজিত লোকজনদের কাছে চাঁদা দাবি করে আসছে।
“শুক্রবার সকালে ইমদাদুল হক মিলন বাড়ির কাজ দেখাশোনা করতে গেলে স্থানীয় সন্ত্রাসী আব্দুল মোতালেব (৫০), আব্দুর রব (৪৮), টিটু ওরফে ছেচড়া টিটু (২২), সবুজ ওরফে সন্ত্রাসী সবুজ (২২), রাকিবসহ (১৮) অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সন্ত্রাসী তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে, তার স্ত্রী, সন্তান ও ভাইদের পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি দেয়।”
এই ঘটনায় মিলন তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় এই ডায়েরি করেছেন বলে জানান তিনি।
লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে থানায় লিপিবদ্ধ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
