নোয়াখালীতে 'প্রেমিকের' ছুরিকাঘাতে তরুণী খুন
নোয়াখালীর সেনবাগে কথিত প্রেমিকের ছুরির আঘাতে এক তরুণীর মৃত্যু হয়েছে।
নিহত অর্চনা রানী দাস (২২) উপজেলার নলদিয়া গ্রামের সুরেশ চন্দ্র দাসের মেয়ে।
সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে নলদিয়া গ্রামে এ ঘটনার পর অর্চনাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
আটক রিপন চন্দ্র দাস (২৫) একই গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি বলেন, “কয়েক বছর থেকে অর্চনার সঙ্গে প্রতিবেশী রিপনের প্রেমের সম্পর্ক চলছিল। কয়েকদিন আগে অর্চনার পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে।
এর জেরে ক্ষুব্ধ রিপন শনিবার সকালে ছুরি নিয়ে অর্চনাদের ঘরে ঢুকে তাকে কুপিয়ে জখম করে। পরে বাড়ির লোকজন অর্চনাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মমিনুল জানান।
