কুমিল্লায় দুর্ঘটনার পর ‘প্রভাতীর’ যাত্রা বাতিল
কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘মহানগর প্রভাতীর’ যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটির যাত্রা বাতিল করা হয় বলে পূর্ব রেলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক জানান।
দুর্বৃত্তরা রেললাইন কেটে রাখায় শনিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গৌধূলীর ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয় নাঙ্গলকোট স্টেশন এলাকায়।
মোজাম্মেলক হক বলেন, “মহানগর গৌধূলীই ‘প্রভাতী’ হয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়। ট্রেনটি পৌঁছাতে না পারায় চট্টগ্রাম থেকে এর যাত্রা বাতিল করা হয়েছে।”
দুর্ঘটনার কারণে সকালে ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ও ‘চট্টলা এক্সপ্রেস’ চট্টগ্রাম ছেড়ে গেলেও রাত ও সকালের কোনো ট্রেন চট্টগ্রামে পৌঁছাতে পারেনি বলে জানান তিনি।
