‘বাস পুড়লে ক্ষতিপূরণ দেবে সরকার’
বিএনপির ডাকা অবরোধে মহাসড়কে বাস বের করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকার তাকে ক্ষতিপূরণ দেবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার গাবতলীর মাজাররোডে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
নৌমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
শাজাহান খান নিজেও পরিবহন শ্রমিক নেতা। আর রাঙ্গা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি।
এ সংগঠনে মহাসচিব খন্দাকার এনায়েত উল্লাহ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি ছিল মহাসড়কে কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে। প্রতিমন্ত্রী বলেছেন, অবরোধের সময় যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেবে সরকার।”
গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের এই কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অবরোধের মধ্যে শহর এলাকায় যানবাহন চলাচল করলেও প্রায় প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ফলে প্রথম কয়েক দিন দূরপাল্লার বাস চালানোর সাহস করেননি পরিবহন মালিকরা।
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাপনায় রাতে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চালচল করলেও তা চলেছে সীমিত আকারে। শুক্রবার থেকে বিভিন্ন স্থানে দিনের বেলাতেও বাস চালানোর খবর পাওয়া গেছে।
এনায়েত উল্লাহ বলেন, “শুক্রবার দিনের বেলায়ও দূরপল্লার বাস চলেছে। আগামীকাল থেকে পুরোদমে গাড়ি চালানো হবে।”
