বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: টুঙ্গিপাড়ায় রাউজানবাসীর মেজবান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করেছে চট্টগ্রামের রাউজানবাসী।
শনিবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জিয়ারত ও কোরআন খতমের মাধ্যমে শুরু হবে মেজবানের কার্যক্রম।
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানবাসীর পক্ষে আয়োজিত মেজবানের মূল পৃষ্ঠপোষক বলে জানান তার ব্যক্তিগত সহকারী মো. নছরুল বসর ও রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সোহেল।
আবদুল জব্বার সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত মেজবানের দিন সকালে বঙ্গবন্ধুর সমাধিতে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও সাংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এছাড়া জাতির জনকের মৃত্যুর ৩৯তম বছর হিসেবে ৩৯ বার কোরআন খতমেরও আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শুরু হবে মেজবানের খাওয়াদাওয়া।
৬০টি গরু ও দুই হাজার দেশি মুরগি দিয়ে এবার ৫০ হাজার জনের খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া স্থানীয় বালাডাঙ্গা স্কুল মাঠে অমুসলিমদের জন্যও খাবারের ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।
সন্ধ্যা থেকে মেজবানের রান্নার যাবতীয় প্রস্তুতি শুরু করেছে দেড়শ জনের একটি দল। সাড়ে তিনশ জন লোক খাবার পরিবেশনের কাজ করবে বলে জানান ছাত্রলীগ নেতা সোহেল।
গত প্রায় এক যুগ ধরে প্রতিবছর ১৫ অগাস্ট টুঙ্গিপাড়ায় মেজবান আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাউজানের সন্তান মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী।
