২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অমিত শাহর ফোনে উল্লসিত হওয়ার কিছু নেই’

অবরুদ্ধ খালেদা জিয়াকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহর ফোনে বিএনপির উল্লসিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 07:42 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি বর্তমানে বিদেশি কূটনীতি নির্ভর একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

বুধবার টেলিফোন করে খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ।  

বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সংবাদ জানান, পেপার স্প্রের কারণে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়ে তার আশু সুস্থতা কামনা করেছেন বিজেপি প্রেসিডেন্ট।

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করছে।

২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যেও সকল প্রকার যান চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, আগামী এপ্রিলে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী।

কালনা সেতুকে পদ্মাসেতুর অংশ হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ সেতুটি দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।