‘বঙ্গবন্ধু থাকলে ধনী-দরিদ্রের বৈষম্য থাকত না’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘বেঁচে থাকলে’ বর্তমানে বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য থাকতো না বলে একটি প্রবন্ধে বলেছেন অর্থনীতিবিদ আবুল বারকাত।
তার ভাষ্য অনুযায়ী, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ উচ্চ-মধ্যবিত্ত এবং ৩৫ শতাংশ মধ্য-মধ্যবিত্ত থাকত।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশে অর্থনীতি সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কর্ম অধিবেশনে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন-দর্শনের নিরিখে বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনীতি ও সমাজ আজ কোথায় দাঁড়াতো?’ শীর্ষক প্রবন্ধে একথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বারকাত বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দরিদ্র মানুষ বলতে তেমন কেউ থাকতো কি না সন্দেহ। কারণ এ গ্রুপে আজকের মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ কমে আসতো দশমিক ৭ শতাংশে, সেটাও আবার অস্থায়ী-স্বল্পকালীন-আপদকালীন দরিদ্র মানুষ।
“বঙ্গবন্ধুর প্রগতিবাদী উন্নয়ন দর্শন বাস্তবায়নের ফলে একদিকে যেমন মানুষের জন্মসূত্রে অথবা বংশপরম্পরায় অথবা পেশাগত অথবা ধর্ম-বর্ণ-জাতি গোষ্ঠীগত দারিদ্র হবার কোনো সুযোগই থাকতো না, আর অন্যদিকে সম্পদ আর্থ-সামাজিক শ্রেণি ভেদে সমাজের উপরতলায় ধাবিত-প্রবাহিত-পুঞ্জীভূত হবারও কোনো সুযোগ থাকত না।”
বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনে বৈষম্যহীন অর্থনীতি ও সমাজ বিনির্মাণের বিষয়টি অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে ছিল বলে মন্তব্য করেন তিনি।
আবুল বারকাত বলেন, “বঙ্গবন্ধুসহ আজকের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক
“বঙ্গবন্ধু বেঁচে থাকলে বৈশ্বিক অর্থনীতি-সমাজে বাংলাদেশের অবস্থানটা কী হতে পারতো? এ প্রশ্নের ১০০ ভাগ সদুত্তর দেবার ক্ষমতা কারো নেই। প্রবন্ধে অনেক ধরনের অনেক বৈশিষ্ট্যের যুক্তিসিদ্ধ, বিজ্ঞানসম্মত অনুসিদ্ধান্তের ভিত্তিতে অংক কষে এ প্রশ্নের সম্ভাব্য উত্তরের প্রয়াস নেওয়া হয়েছে।”
সে হিসেবে অর্থনীতির প্রধান মানদণ্ডের নিরিখে বর্তমান বাংলাদেশের অর্থনীতি মালয়শিয়ার অর্থনীতির অনেক গুণ ছাড়িয়ে যেত বলে মন্তব্য করেন তিনি।
অর্থনীতি সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী।
এ অধিবেশনে বাংলাদেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন কৌশল, টেকসই উন্নয়নসহ আরো কয়েকটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।
