বাড্ডায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ ‘ডাকাত’ আহত
রাজধানীর বাড্ডার আফতাবনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার প্রথম প্রহরে আফতাবনগর লোহার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- মনির, মামুন ও স্বপন। যাদের বয়স ২৫ থেকে ৩০ বছর।
সংঘর্ষে দুই কনস্টেবলও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু দাস বলেন, “রাত ১টায় তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের প্রত্যেকেরই পায়ে গুলি লেগেছে।”
বাড্ডা থানার উপ পরিদর্শক মোহাম্মদ আল ফয়সাল বলেন, “লোহার ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছিল পুলিশ। তখন তারা পুলিশের ওপর হামলা চালালে গোলাগুলি হয়। তখন তিনজন গুলিবিদ্ধ হন।”
আটক বাকি দুই ‘ডাকাতের’ নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটকদের থেকে দুটি চাপাতি, ১টা ছোরা, ১টা গুলি ও ২টা গুলির খোসা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
