তারেককে সামলাতে বৃটেনের উদ্যোগ চান আইনমন্ত্রী
যুক্তরাজ্যে পলাতক বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইতিহাস বিকৃতি বন্ধে দেশটির সরকারের পদক্ষেপ চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার রাজধানীর তিতুমীর কলেজে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, “আমি নিজে তারেক রহমানের এই বক্তব্যের ব্যাপারে ব্রিটিশ হাই কমিশনারকে বলেছি, ‘আমরা ইতিহাস বিকৃতি, এ রকম বেয়াদবের মতো বক্তব্য আমরা সহ্য করবো না।’
“তাদের মাটিতে এই ধরনের বক্তব্য দিতে তারা অধিকার দেবে না। সেক্ষেত্রে আমরা মনে করি ব্রিটিশ সরকারও পদক্ষেপ নেবেন।
“এ রকম বক্তব্য বন্ধ করার জন্য সরকারি পর্যায়ে যা করতে হয় তা করছি। তাকে বিচারের সম্মুখীন করতে নিন্ম আদালত ও উচ্চ আদালতের আদেশ পালনে আমরা সচেষ্ট।”
পরে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোমা হামলার অভিযোগে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনই বলা সম্ভব নয়। অন্য যে সব মামলায় উনি ফেরারি, সেই সব মামলায় তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা সচেষ্ট আছি।
“বিএনপি এখন একটি সন্ত্রাসী দল। তারেক রহমান শীর্ষ সন্ত্রাসী।”
বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে বিভিন্ন বিকৃত বক্তব্য দেওয়ার পর বুধবার তারেক রহমানের বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দেয় আদালত।
এই আদেশের পূর্ণ অনুলিপিতে বিচারকরা বৃটেনের একটি দৃষ্টান্ত টেনেছেন। সেখানে বলা হয়েছে, সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে রাজনৈতিক সুবিধা গ্রহণের প্রেক্ষিতে বেশকিছু আইরিশ আধা সামরিক গ্রুপের বক্তব্য প্রকাশ যুক্তরাজ্য সরকার নিষিদ্ধ করেছিল।
নির্বাহী আদেশের এই বিধিনিষেধের বিরুদ্ধে বেশ কিছু সাংবাদিক সেখানকার হাই কোর্টে যান। কিন্তু আদালত বিধি নিষেধ আরোপকে ‘আইনসম্মত’ বলে রায় দেয়, যা সেখানকার আপিল বিভাগেও বহাল থাকে।
