২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফরম পূরণ: অতিরিক্ত অর্থ ফেরত দাবি

এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরতের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বৃহস্পতিবার বিকালে এ দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাকরা অংশ নেন। 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা মাহবুব আলম, তোফাজ্জল হোসেন, ছাত্রমৈত্রী নেতা জিনমুদ হক তানজিদ, মো. রাসেল, মো. তরুজ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা সিরাজুল ইসলাম মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশের মতো সৈয়দপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র কয়েকগুণ অতিরিক্ত অর্থ আদায় করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের চাপে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে বাধ্য হয়।

সম্প্রতি হাই কোর্ট এক আদেশে বোর্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায় করা অর্থ  শিক্ষার্থীদের ফেরতের নিদের্শ দিয়েছে বিদ্যালয়গুলোকে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রদক্ষিণ করে।