২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিবেশ কমিটির জন্য নির্বাহী কমিটি 

পরিবেশ নীতিমালা বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করে জাতীয় পরিবেশ কমিটিকে পরামর্শ দেওয়ার ক্ষমতা দিয়ে একটি নির্বাহী কমিটি গঠন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

২৪ সদস্যের জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটিতে পরিবেশ ও বনমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে কমিটির পাঁচটি কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের অধীনে অনুমোদিত জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়নের কার্যক্রম পরিবীক্ষণ ও পর্যালোচনা, কার্যক্রমের বিশ্লেষণ ও পরিবর্তিত প্রেক্ষাপটে সংশোধন সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হবে এই কমিটির কাজ।

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় সমস্যা দূর করতে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করে প্রয়োজনে তা জাতীয় পরিবেশ কমিটিতে উপস্থাপন করা এবং কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করাও নির্বাহী কমিটির কার্যপরিধির মধ্যে রাখা হয়েছে।

এই কমিটি প্রয়োজনবোধে সদস্য কো-অপ্ট করাসহ দায়িত্ব পালনের সুবিধার জন্য স্বতন্ত্র কারিগরি প্যানেল গঠন করে সংশ্লিষ্ট বিষয়ে এটার মতামত বিবেচনায় নিতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নির্বাহী কমিটিতে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী, পানি সম্পদমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইইউসিএন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞ সিভিল সোসাইটির একজন প্রতিনিধিকে (বন ও পরিবেশ মন্ত্রণালয় ছাড়া) রাখা হয়েছে।

গত বছরের অগাস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বায়ক এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে ২৯ সদস্য বিশিষ্ট জাতীয় পরিবেশ কমিটি গঠন করা হয়।