২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ফের সংঘর্ষ, গুলি

বিএনপির অবরোধের মধ্যে গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হওয়ার পরদিন সকালে নোয়াখালীতে ফের বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 10:59 AM

Updated : 26 Jul 2022, 11:54 AM

এ সময় পুলিশের শটগানের গুলিতে পাঁচ জন আহত হয়েছেন বলে বিএনপি নেতারা দাবি করেছেন।

বৃহস্পতিবার জেলা শহরের পাঁচ রাস্তার মোড়ে এ সংঘর্ষ হয় বলে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল-অবরোধের সমর্থনে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। এতে কেউ আহত হয়েছে কি না তা তাদের জানা নেই।

সংঘর্ষে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এরা হলেন-নোমান, নিশাত, ফারুক, রহিম, সাগর ও অসীম।   

আহত ও আটকরা সবাই দলীয় কর্মী বলে দাবি করেছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ রাস্তার মোড়ে হরতালের সমর্থনে ২০ দলের কর্মীরা মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে তাদের কর্মী আবীর, নজরুল ইসলাম, কাওসার, নজরুল, নাসিম ও হেদু আহত হন।

গ্রেপ্তার হতে পারেন বলে ‘গুলিবিদ্ধরা’ কোথায় চিকিৎসা নিচ্ছেন তা বলতে চাননি এই বিএনপি নেতা।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের সমর্থনে বুধবার বিকালে নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মিছিল বের করে যুবদল। এক পর্যায়ে চৌমুহনীতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

এ সময় গুলিতে যুবদল কর্মী রুবেল ও মহসিন নিহত হলে তার প্রতিবাদে পুরো জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।