২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে সচল মহাসড়ক দিনে ফাঁকা

একদিন বাদে তুরাগ তীরে মুসলমানের দ্বিতীয় বৃহৎ সম্মেলন বিশ্ব ইজতেমা শুরু হতে চলায় বিএনপির লাগাতার অবরোধের মধ্যে রাতেই বিভিন্ন জেলা থেকে টঙ্গীতে এসেছেন মুসল্লিরা।

নিজস্ব প্রতিবেদক

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 10:45 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

মহাসড়কে চলেছে দূরপাল্লার বাসও। তবে সকাল হতেই সহিংসতার আশঙ্কায় ঢাকা থেকে আশপাশের জেলাগুলোতে যানবাহন চললেও বন্ধ হয়ে গেছে দূরপাল্লার বাস চলাচল।

এ পরিস্থিতিতে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ দিতে অবরোধ তুলে নেওয়ার জন্য বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন মুসল্লিদের কেউ কেউ।

বৃহস্পতিবার ভোরে টঙ্গীর ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, রাতের কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে বিভিন্ন জেলার কয়েক হাজার মুসল্লি ট্রাক, পিকআপ ভ্যানে করে ইজতেমাস্থলে আসছেন। তাদের কাঁধে ও মাথায় প্রয়োজনীয় মালামালের ব্যাগ, বস্তা, লাগেজ, কাপড়ের পুটলি।

নরসিংদীর সৈয়দ নগরের চাঁন মিয়া বলেন, তাদের ৪৭ জনের একটি দল ভোররাতে নরসিংদী থেকে টঙ্গীর উদ্দেশ্যে যাত্রা করেন। রাস্তায় গাড়ি কম থাকায় তারা দ্রুত ইজতেমাস্থলে চলে আসেন।

“তবে সব সময় ভিতরে ভিতরে ভয় হচ্ছিল।”

সিরাজগঞ্জ থেকে আসা মুসল্লি আলিম উদ্দিন বলেন, অবরোধ থাকায় তারা মঙ্গলবার রাতেই গাড়ি নিয়ে সিরাজগঞ্জ থেকে ইজতেমাস্থলের উদ্দেশ্যে রওনা হন। অবরোধকারীদের ভয়েই তারা রাতে যাত্রা করেন।

Image
যানজটের এই চিত্রটি সকালে রাজধানীর শ্যামলী থেকে তোলা। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যানজটের এই চিত্রটি সকালে রাজধানীর শ্যামলী থেকে তোলা। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অবরোধ তুলে নেওয়ার দাবি জানান তিনি।

তাদের মতো অনেকেই বিভিন্ন জেলা থেকে রাতের মধ্যে ইজতেমাস্থলে এসে পৌঁছান। 

অবরোধের প্রথম দুই দিনের তুলনায় বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন এলাকা থেকে বেশি সংখ্যায় দূরপাল্লার বাস ঢাকায় এসেছে বলে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাতে ঢাকা থেকেও নির্ধারিত সূচি অনুযায়ী সব বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতরাতে ঢাকা থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও সিলেটে তাদের ২১টি গাড়ি ছেড়ে গেছে। ওই তিন জেলা থেকে ঢাকার পথে রাতে ছেড়ে আসা ২০টি গাড়ি সকালে যাত্রীদের নিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছেছে।

“সব গাড়ি ঠিক সময়ে এসেছে। পথে কোনো সমস্যা হয়নি।”

শ্যামলী পরিবহনের মহাব্যবস্থাপক মো. সেলিম বলেন, ঢাকা থেকে নৈশ কোচগুলোর প্রথম কয়েকটি বিজিবির নিরাপত্তায় ছাড়া হয়। পরে বাকিগুলো এমনিতেই রওনা দেয়। সবগুলো বাসই যথাসময়ে গন্তব্যে পৌঁছেছে।

রাজধানীর দারুসসালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গাবতলী থেকে রাতে সব পরিবহনের দূরপাল্লার বাস ছেড়ে গেছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

রাতে সায়দাবাদ থেকেও পূর্বাঞ্চলের দূরপাল্লার বাসগুলো সময়মতো ছেড়ে যায় এবং সকালে বিভিন্ন জেলা থেকে বাস ঢাকায় আসে বলে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর জানান। 

অবরোধে দূরপাল্লার বাস চলাচল বিঘ্নিত হলেও ট্রেন ও লঞ্চ চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।  

বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক পরিদর্শক (টিআই) হুমায়ুন কবির বলেন, ভোররাতে মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ওই রুটে সমস্যা হয়। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক।

জয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলার বিষয়ে অবগত নন জানিয়ে তিনি বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকায় একটি ট্রেন এসেছে এবং ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে গেছে। চট্টগ্রামের সঙ্গেও ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সদরঘাটের বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ‍জানান, সকালে সদরঘাট থেকে পাঁচটি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫টি লঞ্চ ঘাটে ভিড়েছে।

রাজধানী ছাড়া যাত্রীদের সংখ্যা তুলনামূলক কম হলেও ঢাকামুখী লঞ্চের যাত্রী বেশি বলে জানান তিনি।

এসব যাত্রীর অধিকাংশই ইজতেমায় অংশ নিতে এসেছেন বলে জানান এই ট্রাফিক পরিদর্শক।

Image
ছবিটি সকাল সাড়ে ৭টার দিকে বিজয় সরণি থেকে তোলা

ছবিটি সকাল সাড়ে ৭টার দিকে বিজয় সরণি থেকে তোলা

এদিকে প্রথম দুই দিনের মতো অবরোধের তৃতীয় দিন সকালেও রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক। ব্যস্ত সড়কের বিভিন্ন স্থানে হালকা যানজটও দেখা গেছে।

কর্মদিবসের শেষ দিন বৃহস্পতিবার সকালে রাজধানীতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে ঢাকার বিভিন্ন থানার ওসি জানিয়েছেন।

নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত শনিবার রাত থেকে গুলশানে নিজের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ অবস্থায় আছেন বিএনপি নেত্রী।