ফরিদপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তার নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, বুধবার উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের সময় সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের বাড়িসহ পাঁচ বিএনপি সমর্থকের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকানের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জল মাতুব্বর সমর্থক আসিফ হোসেন এবং স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে অন্তত ১০ জন আহত হন।
এর জের ধরে বুধবার বেলা ১১টার দিকেও দুই দলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিএনপি নেতা এনায়েত হোসেন বলেন, "আওয়ামী লীগ নেতা উজ্জল ও নুরুল ইসলামের সমর্থকরা রাজনৈতিক কারণে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে। হামলা চালানো হয়েছে উপজেলা চেয়ারম্যানসহ দলের পাঁচ সমর্থকের বাড়িতে।"
হামলায় আহত তাদের পাঁচ সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে তাদের কেউ হামলা করেনি বলে দাবি করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জল মাতুব্বর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মির্জা ফখরুলের গ্রেপ্তার নিয়ে বিএনপির নেতা এনায়েতের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তারা আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সাদ্দাম মাতুব্বর ও বাতিল মাতুব্বর দুইজন আহত হয়েছেন।"
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন।
