সবাইকে নির্যাতিত নারীর পাশে দাঁড়ানোর আহ্বান
নির্যাতনের শিকার নারী ও মেয়ে শিশুদের পাশে ব্যক্তিগতভাবে নয় বরং সবাই মিলে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা।
দেশে নির্যাতিত নারীদের আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য কাজ করে আসা বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত রোকেয়া সদনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম
বলেন, “নির্যাতনের শিকার নারী ও মেয়ে শিশুদের পাশে দাঁড়ানোর দায়িত্ব কারও একার নয়, বরং রাষ্ট্র, পরিবার, সমাজ- সবাইকে মিলে নির্যাতিত নারীর পাশে দাঁড়াতে হবে।”
“বাংলাদেশের নারীরা এখন এভারেস্টের চূড়ায় উঠছে, প্যারাট্রুপিং করছে, প্রথমবারের মতো সামরিক বিমান চালাচ্ছে। আবার একইসঙ্গে এই দেশেই মেয়েরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এখনো।”
২৯ বছর ধরে দেশের নির্যাতিত নারীদের পুর্নবাসনের জন্য রোকেয়া সদন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকের দৃষ্টিতে এটা খুব ছোট একটা কাজ, অনেক জৌলুসহীন একটা কাজ। কিন্তু এই জৌলুসহীন কাজটাই গত অনেকগুলো বছর ধরে করে যাচ্ছে আমাদের সংগঠকরা।”
১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর রোকেয়া সদন প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ মহিলা পুলিশের ওমেন্স নেটওয়ার্কের সভাপতি মিলি বিশ্বাস বলেন, “রাষ্ট্র তাদের (নির্যাতিত নারীদের) প্রতি সজাগ রয়েছে, তার প্রমাণ ভিকটিম সাপোর্ট সেন্টার। শুধু ঢাকা নয়, সারাদেশে বেশ কয়েকটি জেলাতে ভিকটিম সাপোর্ট সেন্টারগুলো তাদের কাজ দিয়ে প্রশংসিত হচ্ছে।“
ভিকটিম সাপোর্ট সেন্টার ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলো নির্যাতিত নারীদের সহায়তা দেয়ার পাশাপাশি রোকেয়া সদনের কাজেও সবসময় সহায়তা দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন মিলি বিশ্বাস।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, “ভিকটিম সাপোর্ট সেন্টারগুলো অনেকটা রোকেয়া সদনের আদলেই গঠন করা হয়েছে। রোকেয়া সদনে থেকে পড়াশোনা করে, প্রশিক্ষণ নিয়ে অনেক মেয়েই আজ সাবলম্বী হয়ে উঠেছে।”
রোকেয়া সদন সম্পাদক নাসরিন মনসুর জানান, ২০১৪ সালে রোকেয়া সদনে ১৭ জন মেয়ে ছিলো। তাদের মধ্যে তিনজন অভিভাবকের কাছে ফিরে গেছে এবং তারা প্রত্যেকেই এখন সাবলম্বী। বাকিরাও রোকেয়া সদনে থেকে পড়াশোনা করছে বা প্রশিক্ষণ গ্রহণ করছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙাইল শাড়ি কুটিরের কর্ণধার মুনিরা এমদাদ এবং বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠক ও কর্মীরাসহ বিভিন্ন সংগঠন থেকে আমন্ত্রিত শুভানুধ্যায়ীরা।
