২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল গ্রেপ্তারে মানিকগঞ্জে হরতাল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে মানিকগঞ্জ জেলা শহরে বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে দলটি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 06:02 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোকছেদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।

এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বুধবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে থেকে মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়।

এরপর দলের জেলা কার্যালয়ে মোকছেদুর রহমানের সভাপতিত্বে এক সভায় এ হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা বিএনপির সহসভাপতি জামিলুর রশিদ খান ও আজাদ হোসেন খান, যুবদলের সাবেক জ্যেষ্ঠ আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।