পরিবহনশ্রমিক আটকের জেরে মাদারীপুরে থানা ভাংচুর
এক সহকর্মীকে আটকের প্রতিবাদে মাদারীপুর সদর থানায় হামলা চালিয়ে ভাংচুর করেছে পরিবহন শ্রমিকরা।
বুধবার বেলা ১২টার দিকে ওই ঘটনার পর পুলিশ ও র্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
একটি হত্যা মামলার সাক্ষী পরিবহন শ্রমিক মঙ্গল তালুকদারকে বেলা ১১টার দিকে আটক করে সদর থানা পুলিশ। এরপর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল হাসান নিটুল সদর থানার ওসি এমদাদুল হককে ফোন করে মঙ্গল তালুকদারকে ছেড়ে দিতে অনুরোধ করে।
এতে রাজি না হওয়ায় বেলা ১২টার দিকে শ্রমিকরা থানায় হামলা চালায় বলে ওসি জানান।
শ্রমিকরা থানার জানলা-দরজা ছাড়াও ডেলিভারি সেন্টার ভেঙে দেয়। বাইরে রাখা মোটরসাইকেলও তারা ভাংচুর করে।
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল হাসান নিটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনার জন্য শ্রমিকরা কোনোভাবেই দায়ী নয়। বরং এর দায় পুলিশ ও র্যাবকেই নিতে হবে।”
তবে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি।
