২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার জন্য বিআরটিসির বিশেষ বাস

বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৪ দিনব্যাপী বিশেষ বাস সেবা দেবে বিআরটিসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

দ্বিতল ও একতলা বাস দিয়ে ৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই ইজতেমা সার্ভিস দেওয়া হবে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।

দুই দফায় অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলবে ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি। এছাড়া ১৬ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিআরটিসি বাস আব্দুল্লাহপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; শিববাড়ী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; টঙ্গী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; চৌরাস্তা-মতিঝিল ভায়া ইজতেমাস্থল চলাচল করবে।

এছাড়া গাবতলী-গাজীপুর ভায়া ইজতেমাস্থল; গাবতলী-মহাখালী ভায়া ইজতেমাস্থল; গাজীপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; মতিঝিল-বাইপাইল ভায়া ইজতেমাস্থল; ঢাকা-নারায়ণগঞ্জ; চিটাগাং রোড-সাভার; ঢাকা-নরসিংদী এবং ঢাকা-কুমিল্লা বিশ্ব ইজতেমা সার্ভিস চলাচল করবে।

৯ থেকে ১১ জানুয়ারি ও ১৬ থেকে ১৮ জানুয়ারি দ্বিতল বাস কাকরাইল মসজিদ সংলগ্ন পয়েন্ট থেকে মুসল্লিদের বিশ্ব ইজতেমায় পৌঁছানোর জন্য নিয়োজিত থাকবে।

এছাড়া বিদেশিদের এয়ারপোর্ট থেকে বিশ্ব ইজতেমায় নেওয়ার জন্য জোয়ারসাহারা বাসডিপো থেকে একটি বাস চলাচল করবে বলেও জানানো হয়েছে।  

এর বাইরে বিআরটিসির ইজতেমা সার্ভিসের ২২৮টি বাস আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভৈরব, কুটি চৌমহনী, বি-বাড়ীয়া, কিশোরগঞ্জ, বিরিশিরি, নেত্রকোণা, সোনাপুর, চরজব্বার, লক্ষ্মীপুর, কলমাকান্দা, মদন, মনোহরদী, মিরকাদিম, মোহনগঞ্জ, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর, জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত চলাচল করবে।

দুই পর্বের আখেরি মোনাজাতের পরের দিনও একতলা বাস ইজতেমাস্থল থেকে বিভিন্ন জেলায় চলাচল করবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।