হরতালে ‘স্বাভাবিক’ চট্টগ্রাম
৫ জানুয়ারির বর্ষপূর্তির দিনে সংঘর্ষের সময় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ডাকা হরতালে রাজপথে দেখা মেলেনি চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের।
মঙ্গলবার সকাল থেকে নগর বিএনপির দলীয় কার্যালয় ও সব সড়কগুলো ছিল পুলিশ ও যানবাহনের দখলে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তির দিনে সমাবেশের অনুমতি পেয়ে চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি-জামায়াতকর্মীরা।
সোমবার সমাবেশের সময় জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষের শুরু হয়। এতেই পণ্ড হয়ে যায় ২০ দলের ডাকা সমাবেশ।
সংঘর্ষের পর সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের আশপাশে অভিযান চালিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক এনামসহ আড়াইশর বেশি বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
সাধারণত হরতালের দিন সকাল থেকে দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেলেও মঙ্গলবার কোনো নেতার দেখা মেলেনি। ভোর থেকে দলীয় কার্যালয়ের আশপাশের এলাকায় পুলিশের অবস্থান ছিল।
এছাড়াও নগরসহ জেলার অন্য কোথাও কোনো ধরনের পিকেটিংয়েরও খবর পাওয়া যায়নি। নগরীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম ছিল স্বাভবিক। বেলা বাড়ার সাথে বিভিন্ন মার্কেটও দোকানপাট খুলেছে।
নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে কোথাও কোনো ধরনের পিকেটিং বা সভা-সমাবেশের খবর পাওয়া যায়নি। যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক ছিল।
হরতাল নিয়ে প্রতিক্রিয়া জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
